মূলত শিক্ষার্থীদের কথা মাথায় রেখে সন্ধ্যা ৬টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি, হল এবং আবাসিক এলাকায় মাইক বাজানো নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, “ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চস্বরে স্পিকার/মাইক/গাড়ির হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সন্ধ্যা ৬টার পর টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পিকার/মাইক ব্যবহার করে কোনো অনুষ্ঠান করা যাবে না”।
এর আগে রাত ৯টা থেকে রাজু ভাস্কর্যের পাদদেশ, ডাস চত্বর ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) উচ্চশব্দে মাইক ও বক্স বাজিয়ে সমাবেশ ও অন্য অনুষ্ঠান আয়োজন, অন্য আবাসিক হলের সামনে মাইকিং করে পণ্য বিক্রির ফলে দীর্ঘদিন সমস্যার সম্মুখীন হতো শামসুন নাহার ও রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থীরা। তারই প্রেক্ষিতে, উপাচার্যের বাসভবনের সামনে উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানো শুরু করে, এক অভিনব প্রতিবাদে নামেন শিক্ষার্থীরা।
পরে প্রক্টর এসে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়া হবে বলে জানালে শিক্ষার্থীরা হলে ফিরে যান।
এএমজে




















