নোয়াখালী অঞ্চলের শহীদদের স্মৃতি রক্ষার্থে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক কমিটি (জানাক) নোয়াখালী। সংগঠনটি জানিয়েছে, নিজেদের অর্থায়নে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।
রবিবার (৩০ জানুয়ারি) জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে জানাক প্রতিনিধি দল এ ঘোষণা দেয়। প্রতিনিধি দলের অন্যতম সদস্য তুহিন ইমরান বলেন, “জুলাই স্পিরিটকে সমুন্নত রাখতে ও অভ্যূত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ঐক্যের প্রতীক হিসেবে জানাক কাজ করছে। শহীদদের স্মৃতি সংরক্ষণ আমাদের প্রধান লক্ষ্য।”
স্মৃতিস্তম্ভ নির্মাণের স্থান নির্ধারণ ও আনুষ্ঠানিক অনুমোদনের বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি। জেলা প্রশাসক বিষয়টি আমলে নিয়ে বিস্তারিত আলোচনার আশ্বাস দেন। প্রকল্পটি বাস্তবায়নের জন্য জানাক একটি পাঁচ সদস্যের সেল গঠন করেছে, যারা বিভিন্ন আর্কিটেক্টের কাছ থেকে নকশা সংগ্রহ করবে। প্রতিনিধি দলের সদস্য কাজী মাইন উদ্দিন তানভীর বলেন, “আমরা নকশা পর্যালোচনা করে চূড়ান্ত ডিজাইন নির্ধারণ করব।”
এছাড়া, জেলা প্রশাসকের সঙ্গে নোয়াখালীর বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়েও আলোচনা করে জানাক প্রতিনিধি দল। সরকারি উদ্যোগের দ্রুত বাস্তবায়ন, আহত পরিবারগুলোর জন্য আমলাতান্ত্রিক জটিলতা দূর করা এবং স্বৈরাচারী দোসরদের অপতৎপরতা রোধের বিষয়ে প্রশাসনকে অবগত করা হয়। সাক্ষাতের শেষে জুলাই স্বীকৃতির লিফলেট জেলা প্রশাসকের হাতে তুলে দেন জানাক প্রতিনিধিরা।
এমআইটি




















