ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নে এক ব্যতিক্রমী উদ্যোগে নামাজ পড়ার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সাইকেল ও ইসলামিক বই প্রদান করা হয়েছে। ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২০২ জনের মধ্যে ৫৬ জন প্রতিযোগী ধারাবাহিকভাবে ৪০ দিন জামায়াতে নামাজ আদায় করার জন্য সাইকেল ও ইসলামিক বই পুরস্কার পান। বাকি ১৪৭ জন প্রতিযোগীকে দেওয়া হয় শিক্ষা উপকরণ এবং ইসলামিক বই। এ ছাড়াও এলাকার ১৬টি জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ছিল বিশেষ পুরস্কারের ব্যবস্থা।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ ফয়জুল হক। রামনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ আহছান উল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি আবদুল মোতালেবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক, জামায়াতের মজলিশে শুরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ, এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা গাজী ছালাহ উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন ফেনী জেলা ছাত্র শিবিরের সভাপতি ঈমাম হোসেন, সাবেক প্যানেল মেয়র নজির আহমদ, ব্যাংকার আনোয়ার উল্লাহ এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি স্থানীয় এলাকাবাসী এবং শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে। ৪০ দিন জামায়াতে নামাজ আদায় করার এই অনন্য উদ্যোগ স্থানীয় যুবসমাজকে ইসলামী চেতনায় উদ্বুদ্ধ করার একটি সফল প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন আয়োজকেরা।
এএমজে/ জেএ




















